ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
চলনবিলে সোঁতি জালে সরপুঁটিসহ ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে নানা প্রজাতির সুস্বাদু মাছ। অন্যদিকে ভাঙ্গুড়ায় ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সরপুঁটি। দেখা গেছে, বিভিন্ন মাছ নৌকায় ভরে নিয়ে আসা হচ্ছে স্থানীয় হাটবাজারে। শনিবার হাটে পুঁটি মাছে ভরে যায়। শুক্রবার রাতেও উপজেলা শহরে অন্তত ৫০০ মণ মাছ আমদানি হয়। চরভাঙ্গুড়া গ্রামের প্রভাষক গিয়াস উদ্দিন ও শরত্নগর বাজারের প্রভাষক মিজানুর রহমান জানান, অসংখ্য লোকের মধ্যে তারাও একেক জন ১০ কেজি করে সরপুঁটি মাছ কিনেছেন।
জানা গেছে, বিলের পানি কমতে শুরু করায় স্রোতের ভাটিতে প্রচুর মাছ বের হয়ে আসছে। এ সুযোগে একশ্রেণির মত্স্য ব্যবসায়ীরা অবৈধ সোঁতি জাল পেতে ধরে নিচ্ছে সেসব মাছ। চাহিদার তুলনায় অতিরিক্ত আমদানির ফলে দামও পড়ে গেছে। এলাকাবাসী বলেন, মাছগুলো স্বাভাবিকভাবে ধরা হলে পুরো মৌসুমেই মাছ পাওয়া যেত কিন্তু সেসব একবারে ধরে নেওয়ায় কয়েক দিনের মধ্যেই মাছের সংকট তৈরি হবে। ভাঙ্গুড়া উপজেলা মত্স্য কর্মকর্তা আজম বলেন, চলনবিলের হাণ্ডিয়াল কাটা গাং, মির্জাপুর ও নিমাইচড়া এলাকা থেকে সোঁতি জালে এসব মাছ ধরা হচ্ছে। এলাকাটি অন্য উপজেলার মধ্যে হওয়ায় তার কিছু করার নেই।
