দলীয় মনোনয়ন পেতে তত্পর সম্ভাব্য মেয়র প্রার্থীরা

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২১:৩৯

নেত্রকোনা পৌরসভা নির্বাচন

নেত্রকোনা প্রতিনিধি

পৌরসভার নির্বাচন আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছে—নির্বাচন কমিশনের এমন ঘোষণার পরপরই নেত্রকোনায় মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তত্পরতা বেড়ে গেছে। তবে এক বছর ধরেই সম্ভাব্য মেয়র প্রার্থীদের কম-বেশি তত্পরতা লক্ষ্য করা গেছে। তাদের ছবিসংবলিত পোস্টার শহরে দেখা যাচ্ছে অনেক আগে থেকেই। এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগের দলীয় লোকদের তত্পরতাই বেশি। পৌর এলাকায় চলছে মনোনয়ন পাওয়া নিয়ে আলাপ-আলোচনা। আসন্ন পৌর নির্বাচনে কারা হচ্ছেন এবারের প্রার্থী—এমন প্রশ্ন পৌর এলাকার সচেতন বাসিন্দাদের মধ্যে!

নেত্রকোনায় মেয়র পদে আলোচিত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্বাছ আলী খানের ছেলে টানা দুবারের পৌর মেয়র (বর্তমানসহ) নজরুল ইসলাম খান। এছাড়া সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান খান রতন, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, নেত্রকোনা পৌরসভার তিনবারের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খানের মেয়ে জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক অর্পিতা খানম সুমী, জেলা যুব লীগের আহ্বায়ক মাসুদ খান জনি, আওয়ামী লীগ নেতা অসীত সরকার সজল ও দেওয়ান হাফিজ উদ্দিন অপল, নেত্রকোনা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট খানে আলম খান, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি দেব শংকর রায় এবং জেলা পরিষদের সদস্য বজলুর রশীদ। বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীর মধ্যে রয়েছেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম মরুিজ্জামান দুদু এবং জেলা যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি। বিএনপির প্রার্থীদের তেমন কোনো তত্পরতা দেখা যাচ্ছে না। তবে বেশ কয়েক জন মেয়র প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মনোনয়ন চাইবেন, পেলে নির্বাচন করবেন আর না পেলে যিনি নৌকার মনোনয়ন পাবেন তার পক্ষেই কাজ করবেন। পৌর এলাকার ভোটারদের মধ্যে আওয়ামী লীগের সম্ভাব্য দু-একজন প্রার্থীর নাম বেশি শোনা যাচ্ছে। যারা পৌর এলাকার উন্নয়নমূলক কাজ করেছেন, তাদের একজনকেই মনোনয়ন দেওয়া উচিত বলে দাবি স্থানীয় ভোটারদের। ‘হঠাত্ নির্বাচনী পাখি’রা যাতে মনোনয়ন না পায় সে দাবিও করছেন ভোটাররা। অনেকের মতে, প্রার্থী দিতে হলে এলাকায় সর্বক্ষণ থাকেন এবং জয়ী হবেন এমন ব্যক্তিকেই পৌরসভার মেয়র পদে মনোনয়ন দেয়া উচিত।