অজয়ের নতুন ছবির মুখ্য ভূমিকায় অমিতাভ

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২১:৪১

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন বলিউড অভিনেতা অজয় দেবগন। চার বছর পর পরিচালকের দায়িত্ব নিজের কাঁধে নিলেন তিনি। তৈরি করবেন নতুন ছবি ‘মে ডে’। সেই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা অমিতাভ বচ্চনকে।
 
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিপদের মুখে দাঁড়িয়ে মানুষের লড়াইয়ের কাহিনি নিজের এই নতুন ছবিতে তুলে ধরবেন অজয়। মুখ্য চরিত্রে অমিতাভ বচ্চনের পাশাপাশি তাকেও দেখা যাবে ক্যামেরার সামনে। পাইলটের ভূমিকায় অভিনয় করবেন অজয়। তবে অমিতাভ বচ্চনের চরিত্র সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ঠিক হয়নি ছবির বাকি অভিনেতা-অভিনেত্রীও। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসে হায়দরাবাদে শুরু হবে ছবির শুটিং। 

প্রসঙ্গত, ২০০৮ সালে প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন অজয়। তৈরি করেছিলেন রোমান্টিক ড্রামা ছবি ‘ইউ মি অউর হাম’। ছবিতে অভিনয়ও করেছিলেন অজয় দেবগন। নায়িকা ছিলেন কাজল। অ্যালজেইমার্স রোগীর ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। বক্স অফিসে বাজেটের অর্থ তুলতে সক্ষম হলেও সমালোচক মহলে তেমন প্রশংসা পায়নি ছবিটি। তারপর আর সেভাবে পরিচালনায় হাত দেননি অজয়। পরে ২০১৬ সালে তৈরি করেন ‘শিবায়’। সে ছবিও বক্স অফিসে সাফল্য পায়নি। তাতে অবশ্য থামার পাত্র নন বলিউডের ‘তানহাজি’। আবারও পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

ইত্তেফাক/বিএএফ