দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে বিশাল বাঘাইড় ও কাতলা

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২১:৪৭

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জেলের জালে বিশাল আকৃতির বাঘাইড় ও কাতলা মাছ ধরা পড়েছে। শনিবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় ২৭ কেজি ৩০০ গ্রাম ওজনের বাঘাইড় ও ১৫ কেজি ওজনের কাতলা মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়ার শাকিল সোহান মত্স্য আড়তের মালিক শাজাহান মিয়া জানান, শনিবার ভোরে দৌলতদিয়া ঘাটের অদূরে পদ্মা-যমুনা মোহনায় জাল ফেলে স্থানীয় জেলে আব্দুর রহমান। এ সময় তার জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া ঘাটে আড়তে ডাকের মাধ্যমে ১ হাজার টাকা কেজি দরে ২৭ হাজার টাকায় কিনে বেশি লাভের আশায় ঢাকার কাওরান বাজারে পাঠানো হয়েছে। অন্যদিকে একই সময় পদ্মা নদী থেকে ১৫ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে আব্দুর রহমানের জালে। কাতলা মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় কিনে নেন তিনি।