নাটোর প্রতিনিধি
নাটোরে ছিনতাইকৃত প্রাইভেট কারসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আরিফুল ইসলাম, বাদশা মিয়া দেওয়ান ও শরিফুল ইসলাম। শনিবার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি আরো জানান, পাবনা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী এফ এম জাহিদুল ইসলাম গত ১৭ সেপ্টেম্বর বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় আসার জন্য ঈশ্বরদীর দাশুড়িয়া মোড় থেকে প্রাইভেট কার ভাড়া করেন। ঐ কারে চালকসহ অজ্ঞাত আরো তিন জন ছিল। একপর্যায়ে অজ্ঞাতরা জাহিদুলের হাত ও চোখ বেঁধে মানিব্যাগ, মোবাইল ফোন, অফিসের আইডি কার্ড এবং ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেয়। পরে এটিএম কার্ডের মাধ্যমে ২৯ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরো ২০ হাজার টাকা নিয়ে ফেলে যায়। তিনি বড়াইগ্রাম থানায় অভিযোগ করেন। পরে থানার একটি চৌকশ দল গত ২ ও ৩ নভেম্বর ঢাকা থেকে অভিযুক্তদের প্রাইভেট কারসহ গ্রেফতার করে।
