সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২১:৫১

 

বরিশালে বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল অফিস নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সকালে নগরীর বিবির পুকুর পাড়ে বাসদ নেতাকর্মীরা সমাবেশ শেষে পতাকা মিছিল করে। সংগঠন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী ও আহ্বায়ক ইমরান হাবিব রুম্মান।

বঙ্গবন্ধুর প্রতি প্রাথমিক ও গণশিক্ষা সচিবের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব গোলাম মো. হাসিবুল আলম। শুক্রবার তিনি জাতির পিতার সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় গোপালগঞ্জের ডিডি এলজি মো. ইলিয়াসুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-রাসায়নিক সার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ সদরে পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি/২০২০-২১ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ সদরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ।

করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা চরভদ্রাসনে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ স্কাউটসের সহযোগিতায় শনিবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে অংশ নেয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনসাধারণ। করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা প্রমুখ।

প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ

নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দা উপজেলার কুসুম্ভা ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিফিন বক্স বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কুসুম্ভা ইউপির চত্বর মাঠে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে টিফিন বক্সগুলো তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নফেল উদ্দিন মণ্ডলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা গফরগাঁওয়ে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত বঙ্গবন্ধু রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে শনিবার। গফরগাঁও প্রেসক্লাবের শামছুল হক মিলনায়তনে প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। ২৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

নাটাবের মতবিনিময় সভা

টাঙ্গাইল প্রতিনিধি বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব টাঙ্গাইল জেলা শাখা স্কুল শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করেছে। শনিবার বেলা ৩টার দিকে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান। সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখার সভাপতি খান মোহাম্মদ খালেদ।

রেডক্রিসেন্টের ফ্যামিলি টেন্ট বিতরণ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের উদ্যোগে শনিবার দুপুরে চাটমোহরে দুর্যোগকালীন সময়ের জন্য ফ্যামিলি টেন্ট (তাঁবু) বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের সাধারণ সম্পাদক ও চাটমোহর উপজেলা চেয়ারম্যান আ.হামিদ মাস্টারের সভাপতিত্বে তাঁবু বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. মকবুল হোসেন।

অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি উদ্বোধন

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় ২০২০-২০২১ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সাত ইউনিয়নে কর্মসূচি উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। সাত ইউনিয়নে ১ হাজার ঊনিশ জন অতি দরিদ্র নারী-পুরুষের ৪০ দিন কর্মসংস্থানের বিপরীতে ৮৬ লাখ ৫৪ হাজার ৬৩০ টাকা বরাদ্দ হয়েছে। কর্মসংস্থান কর্মসূচির সহযোগিতা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

কটিয়াদী উপজেলা হাসপাতালে মতবিনিময় সভা

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুস সালেহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) তুলসি রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসহায়তা ট্রাস্টের সহকারী সচিব বিমল চন্দ্র দেব।

জাতীয় সমবায় দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে শনিবার আলোচনাসভা হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

রংপুরে ই-পর্চা উদ্বোধন ও করোনা মোকাবিলায় মতবিনিময়

স্টাফ রিপোর্টার, রংপুর মামলা সম্পর্কিত তথ্য পেতে বিড়ম্বনা লাঘবে রংপুরে অনলাইনে খতিয়ান প্রদান কার্যক্রমে ‘ই-পর্চা’ উদ্বোধন হয়েছে। শনিবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান। এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অনলাইন সেবা এবং করোনার দ্বিতীয় পর্যায় মোকাবিলার কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে।