বন্দরনগরী চট্টগ্রামের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে বাঁশখালী উপজেলার শেখেরখীল-ছনুয়া সড়কের মৌলভীবাজার জলকদর খালের ওপর ৩৬ মিটার দৈর্ঘ্যের পিসি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য চুক্তি হয় ২০১৭ সালে। এই কাজ শেষ হওয়ার সম্ভাব্য তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৯ ধরা হলেও এখনো ব্রিজটি চলাচলের উপযোগী হয়নি। ২০১৭ থেকে এখন ২০২০—প্রায় ৩ বছর ধরে ঐ এলাকার জনদুর্ভোগ ভাষায় প্রকাশ করার নয়। এই ব্রিজের আশায় আছে শেখেরখীল-ছনুয়া ইউনিয়নের মানুষ। যাতায়াতের অসুবিধার কারণে কৃষকরা তাঁদের কৃষিজাত পণ্যের ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন। ব্রিজের কাজ চলাকালে একটি বাঁশের সাঁকো যাতায়াতের বিকল্প হিসেবে কাজ করে। সাঁকোটিও এর মধ্যে বেশ কয়েকবার মেরামত করতে হয়েছে। ব্রিজের পশ্চিম পাড়ের শেখেরখীল-ছনুয়া দুটি ইউনিয়নের হাটবাজার হচ্ছে ব্রিজের পূর্ব পাড়ের মৌলভীবাজার। বাঁশের সাঁকোই এখন একমাত্র পারাপার মাধ্যম। বাঁশের সাঁকোতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। কোনো এক অদৃশ্য কারণে গত তিন মাস ধরে ব্রিজের কাজ বন্ধ রয়েছে। এলাকাবাসীর চাওয়া—ব্রিজটির কাজ অতিসত্বর সম্পন্ন করে যাতায়াত উপযোগী করা হোক। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নেজাম উদ্দিন
ছনুয়া, বাঁশখালী, চট্টগ্রাম
