এই সময়ের ছড়া

শূন্য

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:০১

হাসনাত আমজাদ

 

শূন্য কি শুধু সংখ্যা একক?  শূন্য অঙ্ক বটে

শূন্যকে নিয়ে ঘটনা অনেক, রটনা কত না রটে।

বসাবে কোথায় ঠিক করো দিক

ডাইনে না বামে কোনটা সঠিক?

সংখ্যার আগে থাকে মাঝে মাঝে, আবার পরেও বসে

আগেপিছে দুই স্থানে সর্বদা জটিল অঙ্ক কষে।

 

শূন্যের চলা সোজা মাঝে মাঝে, কখনো যে আঁকাবাঁকা

সংস্কৃতে নাম ছিল শূন্যোয়া অর্থ খালি বা ফাঁকা।

আরব দেশে সে ছিল সাফাইর

বদলেছে নাম, তবে গতি ধীর

ইতালিতে ছিল জিফাইরো নাম, ইংরেজি নাম জিরো

শব্দটি জিরো কিন্তু আসলে জিরো সকলের হিরো।

 

শূন্য কি একা? পক্ষবিহীন? একার আছে কি মূল্য?

গাণিতিকদের কাছে সে দামি, দামি যে স্বর্ণতুল্য।

চীন ব্যাবিলন, মিশর ও গ্রিকে

দশ গণনার পদ্ধতি টিকে

থাকলেও তারা করত সকলে সংকেত ব্যবহার

ভারতবর্ষে শূন্য প্রথমে খুলেছে নিজের দ্বার।

 

শূন্য কি হয় বেজোড় সংখ্যা? হয় গুণিতক দুই-এর?

শূন্যের সাথে পাবে তুমি খুঁজে তুলনা চিকন সুঁইয়ের।

সুঁই হয় ফাল শুনি মাঝে মাঝে

শূন্য তেমনি, দেখাবে সে কাজে

শূন্যের সাথে যোগ দেবে যাকে ফলাফল নেই ভিন্ন

গুণ যদি দাও তাহলে হারবে, থাকবে না কোনো চিহ্ন।