ইত্তেফাক রিপোর্ট
ভোজ্য তেলের পর এবার গম ও ভুট্টার আটায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধ করার কর্মসূচি বাস্তবায়ন করার পরিকল্পনা নিয়েছে সরকার। গত শুক্রবার বিশ্ব খাদ্য সমৃদ্ধকরণ সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত এক ভার্চুয়াল সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ তথ্য জানান। ‘সংকটকালে টিকে থাকতে সক্ষম খাদ্যব্যবস্থা-খাদ্য সমৃদ্ধকরণের ভূমিকা শীর্ষক ঐ সভার আয়োজন করে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন এবং মাইক্রো নিউট্রেন্ট ফোরাম। শিল্পমন্ত্রী বলেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টিমান পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটবে। এর আগে সরকারের নেওয়া উদ্যোগের ফলে বর্তমানে দেশের মোট প্যাকেটজাত ভোজ্য তেলের ৯৫ শতাংশ এবং ড্রামজাত ভোজ্য তেলের ৪১ শতাংশ ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণের আওতায় এসেছে। তিনি বলেন, অপুষ্টি দূরীকরণের লক্ষ্যে ২০১৩ সালে ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ বাধ্যতামূলক করে আইন পাশ, আয়োডিনের ঘাটতি পূরণে মন্ত্রিপরিষদ আয়োডিনযুক্ত লবণ আইন অনুমোদন এবং জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতিতে খাদ্য সমৃদ্ধকরণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়ও এটি অন্তর্ভুক্ত করা হবে।
