জুনিয়র তামিমের ব্যাটিং ঝলক

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:০৯

এইচপির প্রস্তুতি ম্যাচ

তানজিদ হাসান তামিম

রান        বল        চার        ছয়

৭৪      ৭৪      ৯        ২

 স্পোর্টস রিপোর্টার

বিসিবি প্রেসিডেন্টস কাপে দুই তামিমের যুগলবন্দি আলো ছড়ায়নি। ২২ গজে জমেনি তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিমের জুটি। গতকাল এইচপির ওয়ানডে প্রস্তুতি ম্যাচে স্বভাবসুলভ ব্যাটিংয়ে জ্বলে উঠলেন জুনিয়র তামিম। ৭৪ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি ওপেনার। যেখানে ছিল ৯টি চার ও ২টি ছক্কা।

তামিমের হাফ সেঞ্চুরির পর শামীম পাটোয়ারি ও অধিনায়ক তৌহিদ হূদয়ের ব্যাটিং দৃঢ়তায় প্রস্তুতি ম্যাচ জিতে গেছে টিম-বি। গতকাল মিরপুর স্টেডিয়ামে আফিফ হোসেন ধ্রুবর টিম-এ’ কে ৬ উইকেটে পরাজিত করেছে টিম-বি।

গতকাল টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪০ রান তুলেছিল টিম-এ। ওপেনার নাঈম শেখ সর্বোচ্চ ৬৯ বলে ৬৭ রান (৮ চার, ১ ছয়) করেন। একপ্রান্ত আগলে আফিফ ৫০ রান করেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি অনেকে। রাকিবুল ২৭, শাহাদাত ১৯, অঙ্কন ১৫, মৃত্যুঞ্জয় ১৮, সুমন খান ১৭, শফিকুল অপরাজিত ১৬ রান করেন। টিম-বি’র পক্ষে রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম ২টি করে, শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন ১টি করে উইকেট নেন।

জবাবে তামিমের পর শামীম পাটোয়ারি ও তৌহিদ হূদয়ের হাফ সেঞ্চুরিতে ৪৭.৩ ওভারে ৪ উইকেটে ২৪১ রান তুলে ম্যাচ জিতে নেয় টিম-বি। পঞ্চম উইকেটে ১০৬ রানের জুটি গড়েন শামীম ও হূদয়। শামীম অপরাজিত ৬৭, হূদয় ৫০ রান করেন। টিম-এ’র পক্ষে সুমন খা, তানভীর, নোমান ও রাকিবুল ১টি করে উইকেট নেন। আজ বিশ্রামে থাকবে এইচপির ক্রিকেটাররা। তবে ঐচ্ছিক অনুশীলন করবেন কেউ কেউ।