জয়ে ফিরল ইউনাইটেড

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:১১

স্পোর্টস ডেস্ক

গেলো সপ্তাহটা মোটেও ভালো কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। আর্সেনালের পর ইস্তাম্বুলের বিপক্ষেও হারের বিস্বাদ নিয়েছিল কোচ ওলে গুনার সোলসারের শিষ্যরা। তবে গতকাল এভারটনের মাঠে ৩-১ ব্যবধানের জয় নিয়ে সে বৃত্ত থেকে বেরিয়ে এসেছে দলটি।

তবে শুরুটা আভাস দিচ্ছিল শেষ দুই ম্যাচের পুনরাবৃত্তিরই। বার্নার্ডের গোলে দলটি পিছিয়ে পড়ে ১৯ মিনিটে। জবাব দিতে অবশ্য ইউনাইটেড সময় নেয় কেবল ছয় মিনিট। ২৫ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর আরও মিনিট সাতেক পর লক্ষ্যভেদ করে ইউনাইটেডকে এগিয়েও দেন ব্রুনো ফার্নান্দেজ। অন্তিম সময়ে গোল করে ম্যাচে সব ধরণের অনিশ্চয়তা দূর করেন গেলো দলবদলে ম্যানচেস্টারে আসা ফরোয়ার্ড এডিনসন কাভানি।