চট্টগ্রামে শাকসবজি, মাছ-মাংসের মূল্যবৃদ্ধিতে চাপে ক্রেতাসাধারণ

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:১৪

সৈয়দ আবদুল ওয়াজেদ, চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে শাকসবজি, মাছ-মাংসের মূল্যবৃদ্ধির চাপে ক্রেতাসাধারণ। বর্ষণ, বন্যা ও ফসল নষ্ট হওয়ার অজুহাতে গত সেপ্টেম্বর মাসের শেষার্ধ এবং অক্টোবর মাসের শুরু থেকেই ব্যবসায়ীরা দফায় দফায় এসব পণ্যের দাম বাড়াতে শুরু করে। প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে, জরিমানা করে এবং দফায় দফায় ব্যবসায়ীদের সতর্ক করেও এ পণ্যের মূল্যবৃদ্ধি রোধ করা যায়নি।

গত বৃহস্পতিবার প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরীর কাজীর দেউরি কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ১৫ ব্যবসায়ীকে জরিমানা করে। ভোক্তারা আশা করেছিলেন হয়তো এই অভিযানের পর বিক্রেতারা এসব পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনবেন। কিন্তু এরপরও চট্টগ্রাম মহানগরীর বাজারগুলোতে এসব পণ্যের মূল্য আগের মতোই রয়েছে বলে ভোক্তাদের অভিমত।

ক্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের প্রেসিডেন্ট নাজের হোসাইন জানান, প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতগুলো নিয়মিত পরিচালনা করা উচিত। একবার অভিযান পরিচালনা করার পর তার ফলোআপ থাকা উচিত। এই ফলোআপ না থাকার কারণে ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে উঠে।

এদিকে গত বৃহস্পতিবার কাজীর দেউরি বাজারে অভিযানের পরও দেখা গেছে, বাজারে প্রতি কেজি আলুর মূল্য ৪৫ টাকার নিচে নামছেই না। নগরীর চকবাজার, বহদ্দারহাট, বাকলিয়া, দুই নম্বর গেট কর্ণফুলী সুপার মার্কেট ঘুরে দেখা গেছে, একই বাজারে ব্যবসায়ীরা দেশি টম্যাটো দাবি করে এক ধরনের টম্যাটো বিক্রি করছে প্রতি কেজি ১৪০ টাকা, বিলেতি টম্যাটো বলে এক ধরনের টম্যাটো বিক্রি করছে ১১০/১২০ টাকা। একই বাজারে এক দোকানদার এক কেজি করলা বিক্রি করছে প্রতি কেজি ৮৫ টাকা, পাশের আরেক দোকানদার বিক্রি করছে ৯০/১০০ টাকা। শসা, লাউ, মুলা ইত্যাদি তরিতরকারি কোথাও প্রতি কেজি ৫০/৬০ টাকার নিচে মিলছে না। এমনকি প্রতিটি বাজারে কচুর লতি পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা।

চট্টগ্রামের সীতাকুন্ড, ফটিকছড়ি ও পার্বত্যাঞ্চল থেকে চট্টগ্রামের বাজারে শাকসবজি, তরিতরকারির চালান আসলেও ব্যবসায়ীরা বলছে দেশের উত্তরাঞ্চল থেকে শাকসবজি, তরিতরকারি আসছে না। সেখানে বন্যা ও অতিবৃষ্টিতে ফসল বিনষ্ট হয়েছে বলে তাদের অভিমত। চট্টগ্রামের কাঁচাবাজারে বর্তমানে কাঁচা পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা, বরবটি ৮০/৯০ টাকা, গাজর ১০০/১২০ টাকা, পটল ৮০/৯০ টাকা, শিম কোনো দোকানে ১২০ টাকা আবার কোনো দোকানে ১৩০/১৫০ টাকা।

মাছের বাজারে মিঠাপানির ও সমুদ্রের মাছের দাম কিছুটা সহনীয় থাকলেও মাংসের বাজারে উচ্চমূল্য দেখা যাচ্ছে। প্রতি কেজি খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। হাড় ছাড়া গরুর মাংস ৬০০/৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি কদিন আগেও ১১০/১১৫ টাকা থাকলেও এখন ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।

নির্মাণাধীন ভবন থেকে

পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর খাজা রোড এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার আমিনের দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতের নাম রফিকুল ইসলাম (৩০)। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন রফিকুল। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।