ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
রাজনৈতিক দলের সব পর্যায়ে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্তকরণের দাবিতে ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বাস্তবায়নে ওসমানীনগরে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহযোগিতায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩-এর আয়োজনে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সামনে মানববন্ধন শেষে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসনা বেগমের পরিচালনায় বক্তারা বলেন, রাজনৈতিক দলসহ সর্বক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে নারীর সম্পৃক্তের পাশাপাশি, সব পর্যায়ের কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে নারীদের অন্তর্ভুক্তিকরণ, স্থানীয় সরকারের অধীন সব নির্বাচনে এক-তৃতীয়াংশ নারীকে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শিউলী আক্তার, প্রকল্পের ক্যাপাসিটি ফিল্ডিং কো-অডিনেটর কামরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
