গুয়াতেমালায় ক্রান্তীয় ঝড় এতা
বিবিসি
ক্রান্তীয় ঝড় ‘এতার’ প্রভাবে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট আলেহান্দ্রো জামাতেই জানিয়েছেন, আলতা ভেরাপাজ অঞ্চলের কেখায় প্রায় ১০০ লোকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে কর্তৃপক্ষ দেশ জুড়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছিল।
‘এতা’ মঙ্গলবার চার মাত্রার হারিকেন হিসেবে ঘণ্টায় একটানা ২২৫ কিলোমিটার বাতাসের গতি নিয়ে সাগর থেকে নিকারাগুয়া হয়ে স্থলে উঠে আসে। এটি নিকারাগুয়া থেকে প্রতিবেশী হন্ডুরাসে গিয়ে দুর্বল হয়ে ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয় এবং পরে আরো সরে গুয়াতেমালায় গিয়ে হাজির হয়। এর প্রভাবে ঐ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। গুয়াতেমালার সেনাবাহিনী দুর্যোগের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়া দুর্গম গ্রাম কেখায় পৌঁছাতে সক্ষম হয়েছে। এখানে ভূমিধসে বহু ঘরবাড়ি চাপা পড়েছে। এলাকাটিতে পায়ে হেঁটে যেতে হয়েছে। ভূমিধসের কারণে অনেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, বহু এলাকা পানিতে তলিয়ে আছে; এর মধ্যে বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। গুয়াতেমালার বহু এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট জামাতেই জানিয়েছেন, দেশে উদ্ধার অভিযান চালানোর মতো মাত্র একটি হেলিকপ্টার থাকায় এ উদ্যোগ সীমিত হয়ে পড়েছে। তিনি বলেন, ‘বহু লোক আটকা পড়ে আছে, তাদের কাছে পৌঁছাতে পারছি না আমরা।’
