‘তুমিও প্রেসিডেন্ট হবে’

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:২০

নাতনিকে কমলা হ্যারিস

 ভিডিও ভাইরাল

‘চাইলে তুমিও আমেরিকার প্রেসিডেন্ট হতে পার। কিন্তু এখন নয়। ৩৫ বছর বয়স পেরোলেই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হয়ে উঠবে তুমি।’ ১২ সেকেন্ডের একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, একটি ছোট মেয়ের সঙ্গে কথোপকথন হচ্ছে কমলা হ্যারিসের।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদের দৌড়ে সামিল হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। নির্বাচন চলাকালীনই তার এই ভিডিও সামনে আসে। সেখানে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে কমলা। দুই হাত দিয়ে ধরে রয়েছেন একটি ছোট মেয়েকে। মেয়েটি কমলাকে জিজ্ঞাসা করছে, কীভাবে প্রেসিডেন্ট হওয়া যায়। তখন কমলা তাকে জবাব দেন, ‘তোমার যখন ৩৫ বছর পেরোবে, তখন তুমি প্রেসিডেন্ট পদের যোগ্য হয়ে উঠবে।’ 

১২ সেকেন্ডের কথোপকথনের সেই ভিডিও শেয়ার করেছেন কমলার ভাইঝি মীনা হ্যারিস। ৯০ হাজার মানুষ সেই ভিডিওতে কমেন্ট এবং লাইক করেছেন। ভিডিওতে কমলার সঙ্গে যে মেয়েটিকে দেখা যাচ্ছে, সম্পর্কে সে কমলার নাতনি। খবর আনন্দবাজার পত্রিকার।