ট্রাম্পের চিফ অব স্টাফ মেডৌস করোনায় আক্রান্ত

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:২১

বিবিসি ও এএফপি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মেডৌস করোনায় আক্রান্ত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে এ কথা জানানো হয়েছে। কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ট্রাম্প হাসপাতালে ভর্তি হওয়ার এক মাস পর তার চিফ অব স্টাফের করোনা ভাইরাস পজিটিভ আসার খবর পাওয়া গেল।

গত মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালে ট্রাম্প করোনায় আক্রান্ত হন। একই সময়ে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ছেলে ব্যারন ট্রাম্পও আক্রান্ত হয়েছিলেন। এরপর ট্রাম্পকে মেরিল্যান্ডের ওলটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছিল। এখানে তিন রাত কাটানোর পর হোয়াইট হাউজে ফিরেছিলেন তিনি। এরপর কিছুদিন আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে ওঠেন। প্রায় একই সময়ে হোয়াইট হাউজের আরো অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ সেই দলে যোগ দিলেন চিফ অব স্টাফ মেডৌস।

মেডৌস কীভাবে সংক্রমিত হয়েছেন তাত্ক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। তবে তাকে প্রায়ই মাস্ক ছাড়া প্রকাশ্য অনুষ্ঠানগুলোতে দেখা যেত। সিএনএনের খবরে বলা হয়, মেডৌস জানিয়েছেন, নির্বাচনের পরে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। ওয়াশিংটন পোস্ট বলেছে, নির্বাচনের পরদিন বুধবার সকালে ট্রাম্প যখন শীর্ষ পর্যায়ের প্রায় দেড়শ সমর্থকের উদ্দেশে বক্তব্য রাখছিলেন, তখন মেডৌস সেখানে ছিলেন।