‘তৃতীয় একজন’ নাটকে নিঃসঙ্গ জীবনের আখ্যান

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:২২

ইত্তেফাক রিপোর্ট

শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক ‘তৃতীয় একজন’ গতকাল শনিবার মঞ্চস্থ হলো শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মঞ্চে। সমীর দাশগুপ্তের রচনা ও অনন্ত হিরার নির্দেশনায় এই নাটকটি শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ২০তম প্রযোজনা। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্বে বসে দর্শকরা উপভোগ করেন নাটকটি।

মানুষ মূলত একা, দুজন নিঃসঙ্গ একাকী মানুষের জীবনে তৃতীয় একজন মানুষের আবির্ভাবের ফলে সৃষ্ট এক তীব্র জটিল নাটকীয়তার নাটক ‘তৃতীয় একজন’। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক সামীর আর শিক্ষিত স্ত্রী তুলি গৃহিণী। একাকী, নিঃসঙ্গ এক নারী। তুলি এক সময় তুখোড় নৃত্যশিল্পী ছিলেন। ডক্টরেট শেষ করে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। লোভনীয় চাকরি পেয়েও সামীরের আপত্তির কারণে চাকরি করা হয় না তার। তুলি যখন স্বামীর সংসারে এক অস্তিত্বহীন সত্তা তখন সামীর ব্যস্ত নিজের ক্যারিয়ার আর লেখক হিসেবে নিজের আকাশচুম্বী জনপ্রিয়তা গড়তে।

তুলির নিঃসঙ্গ একাকী গুমোট অন্ধকার জীবনে তৃতীয় একজন হঠাত্ করে উড়ে আসা এক জোনাকী। অজানা-অচেনা একজনের টেলিফোনে তুলির স্বামী ছুটে যান বাসায়। তৃতীয় একজনকে না পেলেও তার কোট খুঁজে পান ড্রইং রুমের সোফার ওপর। ভেঙে যায় সামীরের এত দিনের বিশ্বাস। ভালোবাসা-বন্ধন নষ্ট হয়ে যায় সামীরের। শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত-কলহ। নাটক এগিয়ে চলে নাটকীয় পরিণতির দিকে।

‘তৃতীয় একজন’ নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা ও রওশন জান্নাত রুশনী। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় আলি আহম্মেদ মুকুল, আবহসংগীতে রামিজ রাজু, পোশাক পরিকল্পনা নূনা আফরোজ, কোরিওগ্রাফিস্টে সুমি এবং প্রযোজনা সমন্বয়কারী নাট্যজন খোরশেদুল আলম।