কালীগঞ্জে বৃদ্ধাকে পেটালেন ইউপি মেম্বার ভিডিও ভাইরাল

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:২৮

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে মারধর করেছেন স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ঐ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম। এ ঘটনার ৩ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার ঐ বৃদ্ধার নাম রেহানা বেগম (৬১)। তিনি উপজেলার জামালপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী।

ভিডিও চিত্রে দেখা যায়, নাজমুল মেম্বারের নেতৃত্বে তার লোকজন ঐ বৃদ্ধা ও তার মেয়ের সঙ্গে বাড়ির পাশের রাস্তার সীমানায় একটি গাছ নিয়ে তর্ক করছেন। একপর্যায়ে ঐ বৃদ্ধা গাছ কাটতে বাধা দিতে গেলে তাকে মারধর শুরু করেন নাজমুল মেম্বার। রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করতে থাকেন ঐ বৃদ্ধা ও তার মেয়ে। ভিডিও চিত্রে কাউকে সহযোগিতায় এগিয়ে আসতে দেখা যায়নি। টিনের বেড়ার ফাঁক দিয়ে কেউ একজন ভিডিওটি ধারণ করেছেন।

এ বিষয়ে নাজমুল বলেন, ঐ মহিলা আমাদের পুরোনো বাড়ির জমিতে তাদের রাস্তায় একটি গাছ লাগিয়েছে। যে রাস্তা দিয়ে অনেক মানুষ আসা-যাওয়া করে। গত বৃহস্পতিবার বিকালে আমি ও আমার বাবা ঐ গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিতে বলি। পরে ঐ মহিলা আমার ৭০ বছর বয়স্ক বাবাকে দা নিয়ে মারতে ছুটে আসে। এ সময় আমি তাকে বাধা দিই এবং ধাক্কা দিয়ে ফেলে দেই।

বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক জানান, ঘটনার কথা তিনি শুনেছেন তবে থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি।