২ কোটি টাকার স্বর্ণ-মোবাইল জব্ধ

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:২৮

পাঁচ বিমানযাত্রী আটক

বিশেষ প্রতিনিধি

দুবাই থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা পৌনে তিন কেজি স্বর্ণ ও ৯২টি মোবাইল ফোন সেটসহ পাঁচ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটককৃত মালামালের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। গতকাল শনিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

পুলিশ কর্মকর্তা জানান, ভোর ৫টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা পাঁচ যাত্রী গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় তাদেরকে সন্দেহজনক বলে মনে হয় বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএন সদস্যদের। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ এবং পরে তল্লাশি করলে তাদের কাছ থেকে দুই কেজি ৬৭৫ গ্রাম স্বর্ণালংকার, স্বর্ণ বার ও ৯২টি মোবাইল ফোন পাওয়া যায়। যা শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা হয়েছে। আটককৃতরা হলেন—আমির হোসেন, মাহাবুব রহমান, আব্দুর রহমান সরকার, জাকির হোসেন ও আব্দুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।