ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রাস্তাঘাট, পুল-কালভার্ট বা বড় বড় অট্টালিকা নির্মাণ অবশ্যই উন্নয়ন; কিন্তু সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। দেশের মানুষ দারিদ্র্য, বৈষম্য, দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও বেকারত্ব থেকে এখনো মুক্তি পায়নি। অনেক মানুষ টাকার অভাবে সন্তানের চিকিত্সা করাতে পারে না আবার অনেকেই হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। সুশাসন নিশ্চিত হলে কোনো মানুষ বঞ্চিত হতে পারে না।
জি এম কাদের বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। মানুষ হতাশায় নিমজ্জিত; তারা শান্তি ও স্বস্তি চায়। নির্বাচন হচ্ছে সরকার পরিবর্তনের একমাত্র প্রক্রিয়া। সভায় নির্বাচনব্যবস্থার সমালোচনা করে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, সাংবিধানিকভাবে হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু ২ থেকে ১০ শতাংশ ভোট কাস্টিং কখনো নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না।
জাপা নেতা হাজি সিরাজ গুরুতর অসুস্থ
জাপার কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি হাজি সিরাজুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিত্সাধীন। তিনি লিভারের সমস্যা, শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছেন। রোগমুক্তি কামনায় তিনি সবার দোয়া চেয়েছেন।
