দেশের সূর্যসন্তানদের বিষয়ে অনিয়ম বরদাস্ত করা হবে না ------ নিক্সন চৌধুরী এমপি

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:৩৯

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরীর বাসভবনে গতকাল শনিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সূর্যসন্তানদের যে কোনো বিষয়ে যদি কেউ কোনো ধরনের অনিয়ম করে, তাহলে তা বরদাস্ত করা হবে না। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা, তাদের বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তাদের জীবনযাত্রা সহজ করে দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন। আর সেই সুযোগে যেসব অসাধু কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তি ফায়দা লুটে দেশ ও জাতির সূর্যসন্তানদের সঙ্গে বেইমানি করছেন, তাদের বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের ঘর তৈরি করার জন্য যে অর্থ বরাদ্দ করেছেন, তা সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করতে হবে। রাতের আঁধারে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে সচ্ছল মুক্তিযোদ্ধাদের ঘর বিতরণ—এটা হতে দেওয়া হবে না। এমপি নিক্সন চৌধুরী এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন।

 ভাঙ্গা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাসার অনেক আক্ষেপ করে বলেন, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান মুক্তিযোদ্ধাদের ঘর বিতরণে ব্যাপক অনিয়ম করেছেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত অসহায় মুক্তিযোদ্ধাদের মধ্যে ঘরগুলো বিতরণের আহ্বান জানান এবং যেসব মুক্তিযোদ্ধার কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে, তা ফেরত দেওয়ারও আহ্বান জানান তিনি।

অন্যদিকে কালামৃধা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর মোহাম্মদ বলেন, গত মাসে কালামৃধা ইউনিয়নে ফকির জাহাঙ্গীর নামে এক ব্যক্তি মারা যান। তিনি সংগীতশিল্পী ফকির আলমগীরের ভাই। বর্তমান নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান ফকির আলমগীরের কথামতো তাকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করেন। অথচ এই ফকির জাহাঙ্গীর কোনো মুক্তিযোদ্ধাই নন। এমনকি তালিকাভুক্ত কোনো কিছুতেই তার নাম নেই। এছাড়া অনেক মুক্তিযোদ্ধা তাদের সুখ-দুঃখের কথা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সরকারি সাহায্য সঠিকভাবে বণ্টনের দাবি করেন। সব বিষয় শুনে এমপি নিক্সন চৌধুরী তাদের আশ্বাস দেন এবং প্রধানমন্ত্রীর কাছে এসব বিষয়ের সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান প্রধানমন্ত্রী ও ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরীর উদ্দেশে বলেন, ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নিয়ে একটি মহল প্রশাসনকে সঙ্গে নিয়ে অর্থবাণিজ্যে লিপ্ত হয়েছে। যাচাই-বাছাই করলে সেখানে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া যাবে। প্রশাসন যেসব মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে এসব অপকর্ম করছে, অনতিবিলম্বে তাদের বিচারের আওতায় আনা হোক।

মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।