কক্সবাজার জেলা জজ
কক্সবাজার প্রতিনিধি
সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকাই মুখ্য দাবি করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। এক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা অগ্রগণ্য। নিজ কাজের ওপর ভিত্তি করে এক জন আইনজীবী সমাজের আইডল হিসেবে অধিষ্ঠিত হতে পারেন। পেশাটাকে ইবাদত হিসেবে নিলে সেই লক্ষ্য সহজে পূরণীয়। গতকাল শনিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি আয়োজিত ‘শিক্ষানবিশ আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেছেন।
জেলা জজ বলেন, ৮০০ মার্ডার, ৮ হাজার চেক ডিজঅনার ও ৩০ হাজার ইয়াবা মামলাসহ ৮০ হাজারের বেশি মামলা কক্সবাজারের আদালতগুলোতে চলমান রয়েছে। মামলা কমাতে প্রত্যেক আইনজীবীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হিসেবে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মামলার দীর্ঘসূত্রতা কমাতে যোগ্য নেতৃত্ব এবং যোগ্য আইনের শাসকেরও প্রয়োজন আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইনের শিক্ষার্থী ছিলেন জানিয়ে তিনি বলেন, বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু ১৪ বছরের অধিক সময় কারাগারে কাটিয়েছেন। জাতির পিতার নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে ৯ মাস যুুদ্ধের পরে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মহান মুক্তিযুদ্ধের পর বিশ্বের সর্ববৃহত্ সংবিধান পেয়েছি।
