মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
মোংলায় প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে এক মুক্তিযোদ্ধার বিধবা মেয়ের সম্পত্তি দখলের চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এ সময় মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানসহ তাদের পরিবারের প্রায় আট জনকে মারধর করে আহত করা হয়। গতকাল শনিবার শহরের আঁখি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্র জানায়, সম্পত্তি দখলের চেষ্টায় মোংলা পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মৃত মালেক খানের বিধবা মেয়ে ফাতেমা বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। সাবেক পৌর কমিশনার সরোয়ার হোসেন ও পৌর যুবদল নেতা শহিদুল গাজীর নেতৃত্বে ৮/১০ জনের একদল সন্ত্রাসী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। এ সময় সন্ত্রাসীরা ঐ বিধবার মালিকানাধীন দোকান জবর দখল করে নেয় এবং বাড়ির মধ্যে প্রবেশ করে ভাঙচুর চালায়। এক পর্যায়ে তাদের তাণ্ডবে ঐ বিধবা মেয়েসহ তার বাড়িতে থাকা বৃদ্ধ মা মুক্তিযোদ্ধার স্ত্রী আনোয়ারা বেগম, অপর আত্মীয় লিলি আক্তার ও সাগরিকাসহ অন্তত সাত-আট জন আহত হন। তাদের মধ্যে আনোয়ারা বেগমের অবস্থা গুরুতর।
