বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড পরবর্তী নানা ষড়যন্ত্র, বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে ঘাতকদের ছড়ানো মিথ্যা, কুরুচিপূর্ণ প্রপাগান্ডা, সারাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদী নানা কর্মকাণ্ড, গারো পাহাড়ের পাদদেশের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে গড়ে ওঠা সশস্ত্র আন্দোলন, প্রতিবাদকারীদের ওপর তত্কালীন ঘাতক সরকারের নির্মম নির্যাতন, দমন-পীড়ন ইত্যাদি বিষয়কে নিয়ে নাটক ‘রক্তঋণ’। কালো অধ্যায় পরবর্তী সেই অজানা বীরত্বগাঁথা মানুষের সামনে তুলে ধরতেই তীরন্দাজ নাট্যদলের ৫ম মঞ্চ প্রযোজনা রক্তঋণ। আজ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শাহীন রেজা রাসেল রচিত এবং কাজী রাকীব নির্দেশিত রক্তঋণ-এর উদ্বোধনী মঞ্চায়নের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, বিশিষ্ট নাট্যজন ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ।
