সিলেটের কানাইঘাট উপজেলায় আপন ভাই ও ভাতিজার হাতে খুন হয়েছেন নজরুল ইসলাম নজু (৫০) নামে এক ব্যক্তি। শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোহাজুরী গ্রামে এ ঘটনা ঘটে।
নজরুল স্থানীয় এরালীগুল গ্রামের বাসিন্দা। নজরুলের ছেলে দেলোয়ার হোসেন বাদী হয়ে শনিবার ১৪ জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনা নিশ্চিত করে থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম জানান, ঘটনাটির তদন্ত চলছে। প্রাথমিকভাবে তিন জনকে আটক করা হয়।
দেলোয়ার হোসেনের অভিযোগ, জমিজমা ও পাওনা টাকা নিয়ে তার পিতার সঙ্গে চাচা নুরুল ইসলাম (৬০) ও চাচাতো ভাই আলাউদ্দিনের (২৪) বিরোধ ছিল। ঘটনার রাতে স্থানীয় মাদ্রাসার ওয়াজ মাহফিলে নজরুল ইসলাম ভাতিজা আলাউদ্দিনের কাছে পাওনা ১০ হাজার টাকা চান। এ সময় আলাউদ্দিন চাচাকে তার বাড়ি মিকিরপাড়া গ্রামে যেতে বলেন। পরে নজরুল আলাউদ্দিনের বাড়িতে টাকার জন্য গেলে সেখানে তাকে আটকে বড় ভাই নুরুল ইসলাম, আলাউদ্দিন ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে মৃত ভেবে লোহাজুরী মিকিরপাড়া রাস্তার পাশে ফেলে যায়।
কানাইঘাট থানাপুলিশ নিহতের ভাই নুরুল ইসলাম ও মিকিরপাড়া গ্রামের মৃত আলাউর রহমানের ছেলে সেলিম উদ্দিন (৩৫) ও তার ভাই শাহীন আহমদকে (৩২) আটক করেছে। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।
