বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাবহুল ৭ নভেম্বরের অনুষ্ঠানে বলেছেন, প্রকৃতপক্ষে ৭ নভেম্বর থেকেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, বহুদলীয় গণতন্ত্র এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ সৃষ্টি হয়েছিল এবং এর নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আজকের এই দিনটি বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৫-এর আগে যে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, জনগণের অধিকারকে হরণ করা হয়েছিল, আজকে আবার ঠিক একই কায়দায় বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে বসে আছে।
গতকাল শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শেরেবাংলা নগরে সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের প্রতিষ্ঠাতার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তারা নেতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর দুপুর সাড়ে ১২টায় মহানগর দক্ষিণ ও উত্তর, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদল, তাঁতী দল ও মত্স্যজীবী দলসহ অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
ভোরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় অফিসে দলীয় পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের ছবি সংবলিত পোস্টার প্রকাশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বিকাল ৩টায় ছিল ভার্চুয়াল আলোচনাসভা।
