গত এক দিনের পরিসংখ্যান অনুযায়ী করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা গেছেন ১৩ জন। একই সময়ে সংক্রমিত হয়েছেন ১ হাজার ২৮৯ জন। শুক্রবার মারা যান ১৫ জন, আক্রান্ত হন ১ হাজার ৪৬৯ জন।
শনিবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এ তথ্য জানিয়েছে। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৫৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি ল্যাবে ১১ হাজার ৪১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৪ লাখ ২৯ হাজার ৮৪২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ২৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৩৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ জন, নারী দুই জন। তাদের মধ্যে ৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। দুই জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে সাত জন ঢাকা বিভাগের, এক জন খুলনা বিভাগের, দুই জন সিলেট বিভাগের এবং তিন জন রংপুর বিভাগের বাসিন্দা।
