ইত্তেফাক রিপোর্ট
লালমনিরহাটের পাটগ্রামে একজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলীকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে রাজধানী ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের ব্যাপারে গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ তয়াছির জাহান বাবু জানান, লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা থেকে আলোচিত এ হত্যা মামলার আসামি গ্রেফতারের জন্য চিঠি দেওয়া হলে পুলিশ তাকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তত্পরতা বাড়ায়। গ্রেফতারকৃত হোসেন আলীকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় পাটগ্রামে পবিত্র কোরআন অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবী নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় শহীদুন্নবীর চাচাতো ভাই সাইফুল আলম, পাটগ্রাম থানার এসআই শাহজাহান আলী ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত তিনটি মামলা করেন। গ্রেফতারকৃত আবুল হোসেন ওরফে হোসেন আলী প্রথম দুটি মামলার এক নম্বর আসামি। এই তিন মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ৯ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।
