গাইবান্ধায় স্কুলশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২৩:০৪

ইত্তেফাক ডেস্ক        

কুমিল্লায় এক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ চেষ্টায় মামলা হয়েছে। গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। সিরাজদিখানে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। নারায়ণগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গৃহবধূকে ব্ল্যাকমেইল করার অভিযোগে টাঙ্গাইলের সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।  কুমিল্লা : কুমিল্লা লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল আলীর বিরুদ্ধে একটি প্রাইভেট হাসপাতালের প্যাথলজি সহকারীকে (২০) ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শুরু হয়েছে। ঐ মামলা দায়েরের ১৭ দিন পর গতকাল শনিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের নারী ও শিশু সহায়তা সেলে মামলার নথি পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু সহায়তা সেলের পরিদর্শক পলি রানী বর্দ্ধন। বাদী ও বিবাদীকে আগামী ২০ ডিসেম্বর হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল আলীর মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোবিন্দগঞ্জে নূর আলম মণ্ডল (৩৬) নামে এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে এ ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেছেন। অভিযুক্ত নূর আলম মন্ডল উপজেলার নাকাই ইউনিয়নের পূর্ব পোগইল গ্রামের শামীম মণ্ডলের ছেলে এবং একই উপজেলার রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে  পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের তত্পরতা চালানো হচ্ছে।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : সিরাজদিখানে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। একই এলাকার কাদির হাওলাদারের ছেলে বখাটে আসলাম হাওলাদার (ডিএম) ঐ ছাত্রীর মুখে চেপে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে তার চিত্কারে আপেশাপশের লোকজন এসে তাকে উদ্ধার করে। আসলাম কৌশলে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী মিছিল করে। ছাত্রীর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধূকে ধর্ষণের হুমকি ও মোবাইল ফোনে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য এনামুল হক ওয়াজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে অভিযুক্ত এনামুল হক ওয়াজ আলীর ছেলে রনির হুমকিতে দুই সন্তানের জননী ঐ গৃহবধূ নিরাপত্তাহীনতা ভুগছেন।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : ফতুল্লার মুসলিমনগরে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গত শুক্রবার রাতে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে নৈশপ্রহরী নুরুল ইসলাম (৬৫), নরসিংপুর এলাকার লাল মিয়ার ছেলে চা দোকানদার আইনুল মিয়া (২২) ও মুসলিমনগর কাওয়াপাড়া এলাকার অক্ষয় মহন্তের ছেলে রিকশাচালক রাজ বল্লভ (৬২)। গৃহবধূ বাদী হয়ে চার জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দে ১২ বছর বয়সি এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া ইছাক মুন্সীর পাড়া গ্রামের মো. নাছির শেখের ছেলে রফিক শেখকে (২১) আসামি করে গতকাল শনিবার গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন শিশুটির পিতা। পুলিশ জানায়, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।