চট্টগ্রাম অফিস
সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের বিচার না হলে ঢাকা অভিমুখী লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত। তিনি বলেন, নির্যাতনের পুঙ্খানুপুঙ্খ বিচার চাই। যারা দায়ী তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। গতকাল শনিবার নগরীর নিউ মার্কেট মোড়ে সংগঠনের উদ্যোগে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি পালনকালে এই দাবি জানান তিনি।
বেলা ১১টায় নিউ মার্কেট মোড়ে গণঅবস্থানে নগরী ও জেলা থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে সনাতনী সম্প্রদায়ের লোকেরা যোগ দেন। সমাবেশে রানা দাশ গুপ্ত বলেন, যদি কেউ মনে করেন, হামলা নির্যাতন চালিয়ে সংখ্যালঘুদের দেশ ছাড়া করবেন আজকের সমাবেশে বলে দিচ্ছি, যখনই হামলা নির্যাতন হবে তার প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব। আমরা সাম্প্রদায়িকতাকে পরাভূত করে বাঙালি জাতীয়তাবাদী চেতনা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হতে চাই।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা নূর হোসাইন কাসেমীকে ধন্যবাদ জানিয়ে রানা দাশ গুপ্ত বলেন, তিনি পরশু এক বিবৃতিতে মানবাধিকারবিরোধী তত্পরতার বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে বলেছেন। তিনি আরো বলেন, রাজনৈতিক অবস্থায় বাধ্য হয়ে দেশের সব সংখ্যালঘু সংগঠনকে মাঠে নামতে হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায় কারও ধর্ম অবমাননা করেনি। আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।
অধ্যাপক জিন বোধী ভিক্ষু বলেন, আমরা ৭২-এর সংবিধানে ফিরতে চাই। সমাবেশে আরো বক্তব্য রাখেন পরিষদের নেতা চন্দন তালুকদার, শ্যামল কুমার পালিত, অশোক দাশ ও আবুল মোমেন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
