‘আশিক বানায়া আপনে’ সিনেমাখ্যাত বলিউডের তনুশ্রী দত্ত এক সময় রুপালি পর্দায় ঝড় তুলেছেন। হঠাৎ করে বলিউড ছেড়ে দিলেও আবারও তার এ জগতে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিলো। ফেরার প্রস্তুতিস্বরূপ, শারীরিক গড়ন ঠিক করতে ব্যায়াম, নাচের ক্লাসে যাওয়া, সাঁতার কাটা এবং সাইক্লিং করার কথাও তার মুখ থেকে শোনা যাচ্ছিলো।
তবে, লাইট, ক্যামেরা, অ্যাকশনের এই জগতে আর ফিরতে চান না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যেই, ভিন্ন পেশায় যোগ দেবার পরিকল্পনা করে ফেলেছেন সাবেক এই মিস ইন্ডিয়ান।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে তনুশ্রী দত্ত বলেন, 'বলিউডের এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত। এখানে শুধু খারাপ মানুষদেরই যে দোষ ঢাকা হয় তা নয়, তারা সহযোগিতাও পেয়ে থাকেন।
অন্যদিকে, আমি জীবন সংগ্রাম করেই চলেছি। এখন আর আমার লড়াই করার কোনো সময় নেই। করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের প্রায় সকল অনুষ্ঠান বন্ধ। তাই, আমাকে আইটি (ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি) সেক্টরে চাকরির জন্য ট্রেনিং নিতে হচ্ছে। যে কারণে, করোনামুক্ত স্থান ছেড়ে আমাকে কভিড-১৯ আক্রান্ত লস অ্যাঞ্জেলেসে যেতে হয়েছে। খুব তাড়াতাড়ি আইটি সেক্টরের ৯টা- ৫টা চাকরি শুরু করবো।'
ইত্তেফাক/পিএস
