বিনোদন রিপোর্ট
অল্প সময়ের মধ্যে বিশ্বে আলোচনা তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় ব্যান্ড ‘রকিং ১০০০’। যার জনপ্রিয়তা ইটালি থেকে এখন ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ২০১৫ সালে ফাবিও জাফাগনিনির উদ্যোগে ইটালিয়ান ১০০০ মিউজিশিয়ান এক হন। সেখানে একটি পার্কে তারা মার্কিন ব্যান্ড ‘ফু ফাইটার্স’-এর ‘লার্ন টু ফ্লাই’ গানটি একসঙ্গে পারফর্ম করেন।
তাদের এই প্রথম আয়োজনে অংশ নেন ‘ফু ফাইটার্স’ ব্যান্ডও। প্রথম আসর দিয়েই পুরো বিশ্বে আলোচনায় চলে আসে ‘রকিং ১০০০’। এমনকি ইউটিউবে ভাইরাল হয়ে যায়। চলতি বছর এই আয়োজনটি গিনেস বুকে স্থান পেয়েছে এবং এই ইতিহাসের অংশ হলে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আলিফ আলাউদ্দিন ও ‘আর্টসেল’ ব্যান্ডের লিড গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ।
বিশ্বের ৮০টি দেশ থেকে ২৫০০জন সঙ্গীতশিল্পী ও মিউজিশিয়ানদের এক করেছে এই ব্যান্ডটি।
তাদের ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন আগ্রহীরা। এরপর তাদের নির্ধারণ করে দেওয়া ৪টি গান রেকর্ড করে ভিডিওসহ পাঠান বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা। গানের তালিকায় এবার ছিল বিখ্যাত কুইন ব্যান্ডের ‘উই উইল রক ইউ’,
এছাড়াও তালিকাতে ছিল ‘রকিং অল ওভার দ্যা ওয়ালর্ন্ড’, ‘হোয়াট অ্যা ওন্ডারফুল ওয়ার্ল্ড’ ও ‘ইউ গেট হোয়াট ইউ গিভ’।
আলিফ আলাউদ্দিন বলেন, ‘অত্যন্ত আনন্দের একটি বিষয় এটি। এত বড় একটা আসরে নিজের গান নির্বাচন হওয়া। পাশাপাশি গিনেস রেকর্ডের অংশীদার হতে পেরে। রকিং ১০০০-এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করি। সেখান থেকে এই গানগুলো রেকর্ড করে ভিডিওসহ তাদের পাঠাই। এরপর নির্বাচিত করা হয় আমাকে।’
কাজী ফয়সাল আহমেদ বলেন, ‘রকিং ১০০০-এর গ্লোবাল গিগ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। যার অংশীদার আমিও। দারুণ এক খবর নিঃসন্দেহে।’
দুবাইয়ের গ্লোবাল ভিলেজের ২৫ বছর পুর্তিতে ‘রকিং ১০০০’ এবারের আয়োজন সেখানে করা হয়। ওইদিন গ্লোবাল ভিলেজের ইউটিউব চ্যানেলে পারফর্মেন্স প্রিমিয়াম করা হয়। সেখানে দর্শকরা বিগ স্ক্রিনে পারফর্মেন্স উপভোগ করেন। শিগগিরই বাংলাদেশের দর্শকও ইউটিউবে উপভোগ করতে পারবেন।

