নবগঠিত ১৮ ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্র  প্রতিষ্ঠা করা হবে :  তাপস

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২০:০৩

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নব গঠিত ১৮ ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া পুরনো ওয়ার্ডগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষে আমরা একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করছি। এসব উদ্যোগের মাধ্যমে আমরা এ নগরের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। 

রবিবার নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির নবগঠিত ৫ অঞ্চলের ১৮টি ওয়ার্ডসহ পুরনো ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ সব কথা বলেন তিনি। 

ডিএসসিসি মেয়র বলেন, ডিএসসিসি এলাকায় শতভাগ শিশুকে আগামী এক বছরের মধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আনা হবে। সুস্থ-সবল জাতি গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ এর কারণে বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে। একটি সুস্থ জাতি গঠনের মূলে থাকে সে জাতির স্বাস্থ্য সুরক্ষা। কিন্তু সুস্থ, সবল জাতি গঠনের অন্তরায় হলো রোগ-বালাই। দেশের ৭৫ শতাংশ নানা ধরণের রোগ কমে এসেছে। সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরোর উপাধি পেয়েছেন।

আরো পড়ুন : মসজিদ-মন্দির-গির্জায় মাস্ক পরা বাধ্যতামূলক

অনুষ্ঠানে কাউন্সিলরদের উদ্দেশ্যে ডিএসসিসি মেয়র বলেন, অনেকেই হয়তো জানেন না কোথায় টিকা দেয়া হয়, এজন্য প্রতিটি নাগরিকের বাসায় আপনারা যান। তাদেরকে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে পাঠাতে উৎসাহিত করুন, যাতে আমাদের কোনো সন্তান এ কর্মসূচির বাইরে না থাকে।  

কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমএনসিএন্ডএইচ এর লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক, বাংলাদেশে ইউনিসেফের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মায়া ভেন্ডেনান্ট প্রমুখ বক্তব্য রাখেন।

 

ইত্তেফাক/ইউবি