স্পোর্টস রিপোর্টার
নেপালের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের প্রীতি সিরিজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উত্সর্গ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারটি জানান বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে অনেক পরিকল্পনাই ছিল বাফুফের। কিন্তু বাদ সাধে করোনা মহামারি। তবে নেপাল সিরিজ দিয়ে শুরু করে এখন সে পরিকল্পনার আংশিক বাস্তবায়নে সচেষ্ট ফেডারেশন।
বাফুফে সভাপতি বলেন, ‘ম্যাচ দুটো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আমরা জাতির জনককে উত্সর্গ করতে চাচ্ছি। অনেক কিছু করারই পরিকল্পনা ছিল আমাদের, চার-পাঁচটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম, যাতে আন্তর্জাতিক প্রোগ্রামও ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা আর সম্ভব হয়নি।’
তিনি আরো যোগ করেন, ‘করোনাকে হার মানিয়েই আমরা মুজিব জন্মশতবার্ষিকীর আয়োজনগুলো করব। তারই ধারাবাহিকতায় সরকারের নির্দেশনা মেনে, ফিফার অনুমতিসাপেক্ষে এই সিরিজের আয়োজন আমাদের।’
