গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষানিরাও উঠানে ধান ঝাড়তে ব্যস্ত। কিসামত হাবু গ্রামের কৃষক ফেরদৌস আলী ও ঈশ্বর চন্দ্র জানান, পোকার আক্রমণ হলেও শেষ মুহূর্তে বৃষ্টি হওয়ায় ফলন ভালো হয়েছে। আমন ধান কাটাকে কেন্দ্র করে শ্রমিকরাও ব্যস্ত হয়ে উঠেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ১৯ হাজার ৩৫৫ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, উঁচু জমির ধান কিছুটা ভালো হয়েছে।
