খুলনায় সমমজুরির দাবিতে বেসরকারি পাটকল শ্রমিকদের ছয় দফা

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২১:২৫

খুলনা অফিস

খুলনায় বেসরকারি পাটকল শ্রমিকরা সমশিল্প ও সমকাজে সমমজুরিসহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে। গতকাল রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে বেসরকারি পাট, সূতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন নেতারা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, মালিকরা কৃত্রিম সংকট দেখিয়ে লাভজনক মিল মহসেন, অ্যাজাক্স, আফিল, জুট স্পিনার্স, সোনালী জুট মিল বন্ধ করে রেখেছে। শ্রম আইনের ৩০ ধারা অনুযায়ী ৩০ দিনের যাবতীয় পাওনা পরিশোধের নিয়ম থাকলেও তারা তা করেনি। মজুরিও মাত্র ৫৬০ টাকা। সেখানে সরকারি মিলের মজুরি চার গুণ বেশি। তাই বর্তমান বাজারদর অনুযায়ী মজুরি নির্ধারণ ও বন্ধ সব মিল চালু করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আমজাদ হোসেন, সহসভাপতি মো. ইঞ্জিন কাজী, মো. বখতিয়ার, নূরে আলম, মো. কাবিল হোসেন, মো. সাইফুল ইসলাম, সেকেন্দার আলী, লিয়াকত আলী প্রমুখ।