সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২১:২৭

 

পুথি গানের উত্সব অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা উপজেলায় পুথি গানের উত্সব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গৈলা মডেল ইউনিয়নের ডিজিটাল সেন্টারের আয়োজনে শনিবার রাতে ডিজিটাল সেন্টারের সামনে মুজিব শতবর্ষে ই-সেবা ক্যাম্পেইনের অংশ হিসেবে এ উত্সব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু প্রমুখ।

ধানবীজ বিতরণ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা আসন্ন ইরি মৌসুমকে সামনে রেখে উপজেলায় প্রান্তিক কৃষকদের মধ্যে ধানবীজ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে তালা শিল্পকলা একাডেমিতে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড কোম্পানির আয়োজনে ৩৩৩ জন কৃষকের মধ্যে এসব ধান বীজ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম।

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা উপজেলার সদিয়া চাঁদপুর ও ঘোরজান ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত যমুনার চরাঞ্চল্যের ৫০০ পরিবারের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার বেতিল হাই স্কুল অ্যান্ড কলেজ চত্বরে অর্থ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক সরকার। এতে সভাপতিত্ব করেন সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম মাস্টার।

ভিডিপির মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রামভিত্তিক (পুরুষ-মহিলা) অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামানের সার্বিক তত্ত্বাবধায়নে রবিবার সকাল ১০টায় ১ নম্বর কামারখালী ইউনিয়ন পরিষদে ১০ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বাবু।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যক্রম নিয়ে বিশেষ সভা রবিবার সকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামালউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ প্রমুখ।

কর্ণফুলীতে দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা দুধের ন্যায্য দাম না পাওয়ার অভিযোগে কর্ণফুলী উপজেলাতে দুধ ঢেলে খামারিরা প্রতিবাদ জানিয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার মইজ্যারটেক আখতারুজ্জামান চত্বরের টোল এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় চট্টগ্রাম জেলা ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দিন হায়দার, সহসভাপতি নেভী মো. হারুন, কর্ণফুলী ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক ডা. মো. ফোরকান, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

হাজিরহাট প্রেসক্লাবের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর মেট্রোপলিটন এলাকার হাজিরহাট থানায় প্রেসক্লাবের যাত্রা শুরু হয়েছে। রবিবার সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভার মাধ্যমে ক্লাবের সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে (দৈনিক মায়া বাজার ও সাপ্তাহিক রংপুর সংবাদ) সভাপতি এবং আল আমীন রব্বানীকে (নতুন সময় ডটটিভি) সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

বিদ্যালয়ের ভবন উদ্বোধন

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা উপজেলার জামুর্কি ইউনিয়নের সাটিয়াচড়া শিবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্মিত সম্প্রসারিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।

জরায়ু ক্যানসার রোধে ভায়া টেস্টের ফ্রি ক্যাম্পিং

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ু ক্যানসার প্রতিরোধে ভায়া টেস্টের ফ্রি ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পায়াকট বাংলাদেশ দৌলতদিয়াঘাট শাখার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পায়াকট বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে ‘ইস্টাবলিস্টমেন্ট অব ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং অ্যান্ড ট্রেনি, প্রকল্পের আওতায় শতাধিক যৌনকর্মীর ভায়া টেস্টের ফ্রি ক্যাম্পিং করেন।