মানুষ এখন বাসের চেয়ে রেল ভ্রমণে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। বিশেষ করে করোনা পেন্ডেমিকের সময় যারা রেলভ্রমণ করেছেন তারা রেলের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু বিপত্তি বাধে টিকিট কাটার ক্ষেত্রে। অনেকের জন্য স্টেশনে গিয়ে টিকিট কাটা সম্ভব হয় না, তারা অনলাইন সিস্টেমকেই বেছে নেন। কিন্তু অনলাইনে টিকিট সংগ্রহের ক্ষেত্রে বেশকিছু সমস্যার মুখোমুখি হতে হয়। এ প্রসঙ্গে বলতে হয়—টিকিট থাকা সত্ত্বেও না পাওয়া, ব্যাংকিং সিস্টেমের জটিলতা, টাকা কেটে নেওয়ার পরও টিকিট না পাওয়া, টাকা রিফান্ডের ক্ষেত্রে জটিলতা। এই বিষয়গুলো নিয়ে পত্রিকায় লেখালিখিও হয়েছে। আমরা সাধারণ যাত্রীরা রেলওয়ে কর্তৃপক্ষকে বিভিন্ন মাধ্যমে অনেকদিন থেকে এই অভিযোগ জানিয়ে এলেও এর প্রতিকার এখনো মেলেনি। অনেকের মতে, রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ সফটওয়্যার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটছে। রাজস্ব খাতকে সমৃদ্ধ করতে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং জটিলতা দূর করে রেল ভ্রমণে যাত্রীদের আরো উত্সাহী করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শফিকুন্নবী বাইজিদ
শিক্ষার্থী, কারমাইকেল কলেজ,
রংপুর
