ইত্তেফাক রিপোর্ট
পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় সংসারের সব দায়িত্বই যেন নারীর। কর্মজীবী নারী হলেও সংসার সামলানো থেকে শিশুর শিক্ষা—সবকিছুর দায়দায়িত্ব নিতে হয়। তবে, সময়ের সঙ্গে সঙ্গে বদল আসছে পুরুষের ভাবনায়। তারাও ঘরের কাজে অংশ নিতে শুরু করেছেন। ঘর পরিষ্কার করা, রান্না করা থেকে সবকিছুতেই নারীর সমান্তরালে অংশ নিচ্ছেন পুরুষ। লিঙ্গভিত্তিক বৈষম্যের পরিবর্তে মানবিক সমাজের সে সব খণ্ড খণ্ড চিত্র নিয়ে চলছে ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত প্রদর্শনীটির শিরোনাম ‘ভিন্ন রূপে পুরুষ’। অনলাইনে এ প্রদর্শনীর আয়োজন করেছে অ্যাকশনএইড বাংলাদেশ। দর্শকরা www.diom2020.com/ exhibition ঠিকানায় গিয়ে প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন।
হাজবেন্ড শিরোনামের ছবিতে ফ্রেমবন্দি হয়েছে পল্লি বাংলার চিত্র। সেই ছবিতে পেছন থেকে দেখা যাচ্ছে এক গৃহবধূকে। লেপা মাটি আর বাঁশের বেড়ায় তৈরি ঘরে স্থাপিত প্রতিমার চরণে ফুল দিয়ে পূজার অঞ্জলি দিচ্ছেন ঐ নারী। আর পরিবারের কর্তাটি কোলের মধ্যে মেয়ে নিয়ে এক জোড়া হাঁস থলেতে ভরে বিক্রির উদ্দেশ্যে চলেছেন বাজারের পানে। থলের দুই দিকে উঁকি দিচ্ছে হাঁসের গলা ও মুখ। আরেক ছবিতে অসুস্থ স্ত্রীকে ঘরের মেঝেতে সটান করে শুইয়ে রেখেছেন স্বামী। জ্বর কমাতে বালতি থেকে মগে করে জল ঢালছেন মাথায়। আরেকটি ফ্রেমে বন্যাকবলিত অঞ্চলে অসুস্থ স্ত্রীর চিকিত্সার জন্য তাকে ভেলায় চাপিয়ে গলা পানিতে নেমে সেটা টেনে নিয়ে যাচ্ছেন স্বামী। প্রচলিত ধারণার বিপরীত চিত্রময় আরেকটি ছবিতে দুই সন্তানকে আগলে রেখে গৃহবধূ। অন্যদিকে মাটির চুলোয় আগুন জ্বালিয়ে রান্নার দায়িত্বটি সম্পন্ন করছেন স্বামী। এমনভাবে পাহাড়ি জনপদের একটি পরিবারে শিশু সন্তানকে খাবার খাওয়াচ্ছেন বাবা এবং পাশ থেকে হাতপাখায় বাতাস করছেন মা।
আয়োজকেরা জানান, গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলা প্রতিযোগিতার মাধ্যমে অনলাইনে আলোকচিত্র ও চিত্রগল্প জমা নেওয়া হয়। শতাধিক রেজিস্ট্রেশনের মধ্য থেকে বাছাই করে ১২টি চিত্রগল্প নির্বাচন করা হয়। এর মধ্যে একজন বিজয়ী এবং দুই জন রানার্সআপ নির্বাচন করা হয়। বাকি ৯ জনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। এর বাইরেও ১৬টি আলোকচিত্রকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মো. মাসুদুর রহমান। প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন যথাক্রমে লক্ষন মিন্টু ও রাকিবুল আলম খান। গত ২৩ অক্টোবর থেকে সূচনা হওয়া এই অনলাইন প্রদর্শনী চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।
