বিশেষ প্রতিনিধি
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই ভাই দগ্ধ হয়েছেন। দগ্ধ দুই জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে মেরাদিয়া মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। দগ্ধ দুই জন হলেন—রাজিব হোসেন (২২) ও তার ছোট ভাই হাসিব (১৯)।
দগ্ধদের মা লাকি আক্তার জানান, তারা মেরাদিয়া কমিশনার গলিতে থাকেন। তার দুই ছেলে রাজিব ও হাসিব রডমিস্ত্রির কাজ করে। দুপুরে মেরাদিয়া মধ্যপাড়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিল তারা। এ সময় একটি রড তারের সঙ্গে লাগে। এতে তারা দুই জনই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দগ্ধ হয়। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান দায়িত্বরত চিকিত্সকদের বরাত দিয়ে জানান, হাসিবের শরীরের ৭০ শতাংশ ও রাজিবের ২৫ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে হাসিবের অবস্থা আশঙ্কাজনক।
