ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ না হতেই এক তলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ভবনের বারান্দা হেলে পড়ে লোহার গ্রিল বাঁকা হয়ে গেছে। খসে পড়ছে পলেস্তারা। এমনকি মাঠের চারদিকে বসানো চেয়ারগুলোর অধিকাংশ ভেঙে পড়েছে। বৃষ্টির পানিতে মাঠের বিভিন্ন স্থানে ছোটখাটো গর্ত হওয়ায় খেলাধুলাও করা যাচ্ছে না।
জানা গেছে, ১৩১টি উপজেলায় খেলার মান উন্নয়নের জন্য সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করে। এরই অংশ হিসেবে উপজেলার শিয়ালকোলে এই মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়ামটির ঠিকাদারি প্রতিষ্ঠান আকতার এন্টারপ্রাইজ এবং ফোর সাইট কোম্পানি নামের দুইটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি।
স্থানীয়রা বলেন, মাঠটি বর্তমানে পরিত্যক্ত। সেখানে খেলাধুলার কোনো পরিবেশ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান আক্তার এন্টারপ্রাইজের সাইট ম্যানেজার শামছুল হক সবুজ বলেন, গত ২০১৯ সালে এটির নির্মাণকাজ শেষ হয়েছে।
