মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন শুরু

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২২:০৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’-এর ফ্ল্যাগ অফ অনুষ্ঠান গতকাল রবিবার বাংলাবান্ধা জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়। জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।

এ অনুষ্ঠানের মাধ্যমে মুজিববর্ষকে ইতিহাসের পাতায় অমলিন করে রাখতে সেনাবাহিনীর ১০০ জন সেনাসদস্য অদম্য শক্তি ও সাহসিকতার সঙ্গে তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে টেকনাফের শাহ পরীর দ্বীপ পর্যন্ত মোট ১০১০ কিলোমিটার পথ পাড়ি জমানোর যাত্রা শুরু করেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে সরকার চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কালকে ‘মুজিববর্ষ’ হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার দুঃসাহসিক প্রয়াস গ্রহণ করা হয়েছে। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের মাধ্যমে জাতির পিতার প্রজ্বলিত শিখার আলোয় সমগ্র বাংলাদেশকে উজ্জীবিত করাই এই সাইক্লিং এক্সপেডিশনের মূল উদ্দেশ্য। মুজিববর্ষের চেতনাকে বুকে ধারণ করে সব সাইক্লিস্ট আগামী ৩ ডিসেম্বর টেকনাফে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন সমাপ্ত করবেন। এছাড়াও মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশনের সমাপনী অনুষ্ঠান ৫ ডিসেম্বর জলতরঙ্গ, কক্সবাজারে অনুষ্ঠিত হবে।—আইএসপিআর