বাইডেনের নিরঙ্কুশ বিজয়

চীনের সতর্ক প্রতিক্রিয়া, বাইডেনকে অভিনন্দন ও ট্রাম্পকে ধন্যবাদ ইসরাইলের

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২২:৪১

যুক্তরাষ্ট্রে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। তার জয়ে মেক্সিকো ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। তবে চীন সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইসরাইল বাইডেনকে অভিনন্দন জানালেও বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ জানিয়েছে। খবর নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্সের

চীনের প্রতিক্রিয়া

বেইজিংয়ের রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া গ্লোবাল টাইমস সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বাইডেনের জয়ে ভবিষ্যত্ সম্পর্কে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে। কিছু মিডিয়া জানিয়েছে, বাইডেনের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান যে শীতল সম্পর্ক আছে তা উন্নত হতে পারে। তবে সতর্কও করেছে যে, এই উত্তেজনা অব্যাহত থাকতে পারে। কারণ আমেরিকার গণতন্ত্র অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

গ্লোবাল টাইমস জানায়, প্রেসিডেন্ট পদে বসে জো বাইডেন দুই দেশের সম্পর্কে স্থিতিশীলতা আনবে বলে বেইজিং আশা করে। চীনের বিশেষজ্ঞদের বরাত দিয়ে গ্লোবাল টাইমস জানায়, যুক্তরাষ্ট্রে সরকারে এই পরিবর্তন চীন-যুক্তরাষ্ট্রের শীতল সম্পর্ককে উষ্ণ করতে নতুন সুযোগ তৈরি করতে পারে। দুই দেশের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করে বিশ্বাস গড়ে তোলা যেতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুই দেশ ঐকমত্যের ভিত্তিতে জলবায়ু পরিবর্তন, করোনা ভাইরাস, টিকা উদ্ভাবনে কাজ করতে পারে। কারণ ট্রাম্পের চেয়ে বাইডেন পররাষ্ট্রনীতির বিষয়ে অনেকটাই উদার।

যা বলছে ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্রের বিজয়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইটার বার্তায় বলেন, জো ও কমলা হ্যারিসকে অভিনন্দন। জো-এর সঙ্গে গত ৪০ বছর ধরে আমার উষ্ণ সম্পর্ক রয়েছে। আমি জানি, আপনি ইসরাইলের ঘনিষ্ট বন্ধু। আমি আপনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই। বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ছবি পোস্ট করেছেন নেতানিয়াহু। আরেক টুইটার বার্তায় ইসরাইল, গোলান, ইরান ও ফিলিস্তিন ইস্যুতে সমর্থন দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।