সেশনজটহীন মেডিক্যাল শিক্ষাবর্ষসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা এ অবরোধ কর্মসূচি শুরু করেন। পরে বেলা পৌনে ২টার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের লাঠিচার্জ করে পুলিশ। মারমুখী অবস্থানের কারণে সেখান থেকে সরে যান শিক্ষার্থীরা। এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হন চার শিক্ষার্থী। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা অনুষদের ডিনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থীদের দাবিগুলো হলো—করোনা মহামারিতে পরীক্ষার বিকল্প ব্যবস্থা করা, অনতিবিলম্বে সেশনজট দূর করতে পরবর্তী পর্যায়ের অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া, পরীক্ষা ও ক্লাসবিষয়ক সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে মেডিক্যালের শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করা এবং বেসরকারি মেডিক্যাল-ডেন্টাল বন্ধ থাকাকালে নিয়মিত-অনিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন না নেওয়া।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের (এমবিবিএস ও বিডিএস কোর্স) দ্বিতীয় ও তৃতীয় বর্ষ এবং পর্যায়ক্রমে প্রথম ও শেষ বর্ষের পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নির্ধারণ করেছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর। যদিও করোনার কারণে প্রায় আট মাস ধরে মেডিক্যাল কলেজগুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ আছে।
শিক্ষার্থীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা হলে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। তাছাড়া কোনো শিক্ষার্থী করোনায় সংক্রমিত হলে, পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে তারা অন্যদের থেকে পিছিয়ে পড়বেন। পরীক্ষা দিতে গিয়ে কেউ করোনা আক্রান্ত হলে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে।
