ঢাবির ‘ঘ’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বন্ধ হয়ে যেতে পারে

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২২:৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাঁচ ইউনিট থেকে কমিয়ে তিন ইউনিটে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত ‘ঘ’ ইউনিট ও চারুকলার অনুষদের জন্য নির্ধারিত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থীদের দেশের যেকোনো বিশ্ববিদ্যালয় চাইলে ভর্তি করাতে পারবে। গতকাল রবিবার ডিনস কমিটির সভায় এসব বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের মাধ্যমে সিদ্ধান্তগুলো চূড়ান্তভাবে অনুমোদিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিনস কমিটিতে উচ্চ মাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থীদের গ্রুপ অনুযায়ী ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে করার সুপারিশ করা হয়েছে। বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের জন্য ‘ক’ গ্রুপ, মানবিকের শিক্ষার্থীদের জন্য ‘খ’ গ্রুপ ও ব্যবসায় শিক্ষা গ্রুপের জন্য ‘গ’ ইউনিটে পরীক্ষা নেওয়া হবে। পরে চান্স পাওয়ার পর কোনো শিক্ষার্থী গ্রুপ পরিবর্তন করতে চাইলে তাকে গ্রুপ পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। এখনো এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। এর জন্য একটি কমিটি করা হতে পারে। তারা সিদ্ধান্ত নিবে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে ভাগ করে নেওয়া হয়। এগুলো হলো—বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিট, কলা অনুষদভুক্ত খ, বাণিজ্য অনুষদভুক্ত গ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিট। ঘ-ইউনিটের মাধ্যমে গ্রুপ পরিবর্তন করে অন্য গ্রুপের বিষয়গুলোতে ভর্তি হতে পারতেন শিক্ষার্থীরা।

আরেকটি সিদ্ধান্তের বিষয়ে ড. মো. হাসানুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এককভাবে ভর্তি পরীক্ষা নেবে। তবে সরকার যেহেতু গুচ্ছ পদ্ধতির ভর্তির কথা বলেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিজস্বভাবে পরীক্ষা নেবে সেহেতু যে কোনো বিশ্ববিদ্যালয় চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং লিস্ট থেকে তাদের প্রথমবর্ষের শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। সে সিদ্ধান্ত তাদের বিষয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।