নরসিংদীর পলাশে গাড়িচালক স্বামীকে পিস্তলের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিয়োগকর্তার বিরুদ্ধে। ফটিকছড়ির নারায়ণহাটে প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ করেছে ৮/৯ জন দুর্বৃত্ত। গাজীপুরে চকোলেট বিক্রেতা এক কিশোরীকে যাত্রীবাহী চলন্ত বাসে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
পলাশ (নরসিংদী ) : ধর্ষণের শিকার ঐ গৃহবধূ বাদী হয়ে গতকাল রবিবার সকালে তার স্বামীর নিয়োগকর্তা কাপড় ব্যবসায়ী পাপ্পু খন্দকারের বিরুদ্ধে পলাশ থানায় মামলা করেছেন। এর পর থেকে পাপ্পু খন্দকার পলাতক রয়েছেন। তিনি ভাগ্যেরপাড়া গ্রামের আব্দুল ছাত্তার খন্দকারের ছেলে। পুলিশ জানায়, ঐ গৃহবধূর স্বামী পলাশের খন্দকার ফ্যাশনের মালিক পাপ্পু খন্দকারের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। গত কয়েক মাস ধরে বেতন পাচ্ছিলেন না তিনি। টাকা দেওয়ার কথা বলে গত ২৬ অক্টোবর পাপ্পু গাড়িচালক ও তার স্ত্রীকে ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানে ডেকে আনেন। সেখানে স্বামীকে পিস্তলের মুখে জিম্মি করে রাখেন। তার পর নিজের ব্যক্তিগত গাড়ির ভেতরে ঐ গৃহবধূকে ধর্ষণ করে পাপ্পু খন্দকার। পরে পিস্তলের ভয় দেখিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য স্বামী-স্ত্রীকে হুমকি দেন।
লোকলজ্জায় ও ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখেন স্বামী-স্ত্রী। তবে কয়েকদিন আগে পাপ্পু খন্দকার পুনরায় ঐ গাড়িচালকের স্ত্রীকে তার কাছে আবারও এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে গতকাল ঐ গৃহবধূ বাদী হয়ে ধর্ষণের অভিযোগে পাপ্পু খন্দকার ও তার সহযোগী শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দীন জানান, থানায় ধর্ষণের মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত পাপ্পু খন্দকার ও তার সহযোগী শাহাদাত পলাতক রয়েছেন। ধর্ষণের শিকার ঐ গৃহবধূকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর : গাজীপুরে চকোলেট বিক্রেতা এক কিশোরীকে (১৬) যাত্রীবাহী চলন্ত বাসে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে কালিয়াকৈরের বান্নারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ বাসের চালক সাদ্দাম হোসেনকে (২২) গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। সে শেরপুরের শ্রীবরদী থানার বাগতা এলাকার সুরুজের ছেলে। গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকায় বাসা থেকে তাকওয়া পরিবহনের যাত্রীবাহী বাস চালাত। পুলিশ ধাওয়া করলে ধর্ষক শরীফ পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরী জয়দেবপুর থানায় দুই জনকে আসামি করে মামলা করেছে। মেয়েটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি (চট্টগ্রাম) : গত শুক্রবার রাতে নাজিম নামে এক যুবক তার প্রেমিকাকে নারায়ণহাটের চানপুর গ্রামে তার খালার বাড়িতে ব্যাটারিচালিত রিকশায় করে রওনা হয়। রাত সাড়ে ৮টায় ৮/৯ জন দুর্বৃত্ত তাদের চানপুর গ্রামের একটি বাগানে নিয়ে যায়। সেখানে প্রেমিক নাজিমকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। এর পর রাত সাড়ে ৮টা থেকে আড়াইটা পর্যন্ত চলে পালাক্রমে ধর্ষণ। শনিবার সকালে ঘটনাটি গ্রামে জানাজানি হলে গ্রামের কথিত বিচারকরা সালিশের প্রস্তাব দিলে পুলিশ বাধা দেয়। ধর্ষণের শিকার নারী পাঁচ জনের নাম উল্লেখ করে ও আরো চার/পাঁচ জনকে অজ্ঞাত আসামি করে শনিবার ভুজপুর থানায় মামলা করেছেন। পুলিশ রাতের মধ্যেই এজাহার নামীয় সব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন নারায়ণহাটের চানপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে পারভেজ, একই গ্রামের নুরুল হুদার ছেলে ইয়াছিন, নুরুল ইসলামের ছেলে মো. ফরিদ, হাবিবুর রহমানের ছেলে সালাহউদ্দিন ও বজল আহমদের ছেলে আবুল মনসুর।
স্টাফ রিপোর্টার, বগুড়া : বগুড়ার ধুনটে স্বামী পরিত্যক্ত বাক্প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আবুল কালাম নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। আবুল কালাম উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের গোপালনগর গ্রামের মকবুল হোসেন মকুলের ছেলে। গতকাল বেলা ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার বাক্প্রতিবন্ধী ঐ নারী উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
ত্রিশাল (ময়মনসিংহ) : কিশোরীকে ধর্ষণের মামলার আসামি মনির মিয়াকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানা থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : ৯ বছরের এক মাদ্রাসাছাত্রকে বলাত্কারের অভিযোগে গতকাল মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
