মৌলভীবাজারে মনু নদের সেচ প্রকল্পে দুর্নীতির মামলায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আবু তালেবকে নিম্ন আদালতে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আসামির আগাম জামিন আবেদন গ্রহণ না করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেয়। আসামির পক্ষে আইনজীবী মিনহাজুজ্জামান লিটন, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে এ কে এম ফজলুল হক শুনানি করেন।
নদী সেচ প্রকল্পের আওতায় পাম্প কেনায় প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী চৌধুরী নজমুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে গত ২১ অক্টোবর মামলা করে দুদক। এ মামলায় ঢাকার কেন্দ্রীয় যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু তালেবও আসামি। মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।
