কর কমিশনারে জনবল নিয়োগ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:০৫

সম্প্রতি কর অঞ্চল ১২, ঢাকা এর অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।  বিজ্ঞপ্তি অনুযায়ী ৮ পদে মোট ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। উল্লিখিত পদগুলোর বিপরীতে ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে ৩০ জানুয়ারি ২০১৯ পর্যন্ত। যোগ্য ও আগ্রহীরা চাইলে আবেদন করতে পারেন । বিস্তারিত লিখেছেন সোহেল রহমান

আবেদনের পদসমূহ

কর কমিশনারের কার্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চমান সহকারী পদে ১১ জন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ৪ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ১৩ জন। গাড়িচালক পদে ৪ জন, মেশিন অপারেটর পদে ১ জন, নোটিশ সার্ভার পদে ৩ জন, অফিস সহায়ক পদে ৪ জন, নিরাপত্তা প্রহরী পদে ১ জনসহ মোট ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

আবেদনের যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চমান সহকারী পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। সেইসঙ্গে কম্পিউটার বেসিক কোর্সে উত্তীর্ণ হতে হবে। সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে তাদের সাঁটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। গাড়িচালক হিসেবে নিয়োগ পেতে চাইলে প্রার্থীকে অষ্টম শ্রেণি পাসসহ ভারী ও হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মেশিন অপারেটর পদে আবেদনের জন্য এসএসসি পাসসহ ডুপ্লিকেট মেশিন চালনার অভিজ্ঞতা থাকতে হবে। নোটিশ সার্ভার, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে।

 

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১ জানুয়ারি, ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযো"া, প্রতিবন্ী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিড গ্রহণযোগ্য নয়।

 

আবেদন প্রক্রিয়া

এই পদগুলোতে আবেদনের জন্য  http://tz12.teletalk.com.bd এই ঠিকানায় প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে। টেলিটকের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ব্যক্তিগত সহকারী, উচ্চমান সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও গাড়িচালক পদের জন্য ১০০ টাকা ও অন্যান্য পদের জন্য ৫০ টাকা এসএমএস করে পাঠাতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্টকপি সংরক্ষণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সব সনদপত্রের মূলকপি দেখাতে হবে এবং আবেদনপত্রের প্রিন্টকপিসহ সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে।

 

বেতনসীমা

 প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। চূড়ান্তভাবে নির্বাচিতরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতনভাতা পাবেন। এ ক্ষেত্রে প্রধান সহকারী পদে নিয়োগপ্রাপ্তরা ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা, উচ্চমান সহকারী ও সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগপ্রাপ্তরা ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও গাড়িচালক পদে নিয়োগপ্রাপ্তরা ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা, মেশিন অপারেটর পদে নিয়োগপ্রাপ্তরা ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা এবং অন্যান্য পদে নিয়োগপ্রাপ্তরা ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন পাবেন। এ ছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।