অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের মেজো ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (বরখাস্ত হওয়া) ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল মোল্লাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কায়সারুল ইসলামের আদালত এ আদেশ দেয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শওকত আকবর। এর আগে গতকাল সকালে আসামি ইরফান ও তার দেহরক্ষী আসামি জাহিদকে আদালতে হাজির করা হয়। এরপর অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় তাদের প্রত্যেককে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। এসময় আসামিপক্ষের আইনজীবী ইরফান ও জাহিদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় ইরফান ও জাহিদকে তিন দিন করে এবং মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রত্যেককে দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।
