ডেমোক্রেটিক পার্টি জো বাইডেনের জয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দলে বিভক্তির সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, এই নির্বাচনে জালিয়াতি হয়েছে। যদিও তিনি কোনো তথ্যপ্রমাণ দেননি। নির্বাচন কমিশনের শীর্ষ এক কর্মকর্তা বলেন, কোনোরকম ভোট জালিয়াতির তথ্যপ্রমাণ নেই। প্রায় ৭০ ভাগ রিপাবলিকান বাইডেনের জয়কে সমর্থন করছেন। মাত্র ৩০ শতাংশ বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পই আবার জয়ী হয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের
বাইডেনের জয়ে রিপাবলিকান দলের সভানেত্রী রনা ম্যাকড্যানিয়েল টুইট করেছেন, নির্বাচনে কে জিতবে সে সিদ্ধান্ত মিডিয়ার নয়, সে সিদ্ধান্ত ভোটারদের। তিনি বলেছেন, অনিয়ম ও জালিয়াতির তদন্ত করতে সময় লাগবে। মিসৌরির রিপাবলিকান সিনেটর জশ হলিও টুইটারে ম্যাকড্যানিয়েলের মতো একই দাবি করেছেন। রিপাবলিকান সিনেটর রয় ব্ল্যান্ট দাবি করেন, আমি মনে করি না যে, বেসরকারি এই ফলাফল গ্রহণ করা বাইডেনের জন্য অযৌক্তিক। তবে ট্রাম্পকে আদালতে গিয়ে তথ্যপ্রমাণ দিলে তাতে কোনো সমস্যা দেখি না। সিনেট বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম জানান, বিভিন্ন রাজ্যে মামলা চালাতে তিনি ট্রাম্পকে ৫ লাখ ডলার দেবেন। এছাড়া ট্রাম্পের নির্বাচনি প্রচারণা কমিটি এরই মধ্যে ৬০ মিলিয়ন ডলার তুলেছে যা দিয়ে মামলা পরিচালনা করা হবে। তবে ট্রাম্পের সমালোচক রিপাবলিকান সিনেটর মিট রমনি সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ও সদ্য নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, তিনি ও তার স্ত্রী মনে করেন তারা সজ্জন মানুষ এবং তাদের সদিচ্ছা রয়েছে।
